Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াধীন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৪ , ৮:১৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। আজ সকলেই নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেবে এফআইডি। এফআইডির সংশ্লিষ্ট সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে নতুন চেয়ারম্যান পদে কাকে বা কাদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে, সে বিষয়ে এখনই মুখ খুলতে রাজি হননি কর্মকর্তারা।

টানা ছয় দিন আত্মগোপনে থেকে শনিবার রাত ১০টায় এফআইডি সচিব আবদুর রহমান খানের কাছে হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে শিবলী রুবাইয়াত ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন।

এদিকে শিবলী রুবাইয়াতের আস্থাভাজন কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ টানা ছয়দিন আত্মগোপনে থাকার পর আজ রোববার সকালে অফিসে এসেছেন। অফিসে এসেই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কমিশনারদের মধ্য থেকে একজন দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে অন্যরা তাতে সায় দেননি। এ বিষয়ে এফআইডির সিদ্ধান্তের অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন অন্য কমিশনাররা।

চার বছর মেয়াদে পুনঃনিয়োগ পাওয়ার মাত্র তিন মাসেরও কম সময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর ভীত হয়ে আত্মগোপনে ছিলেন শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন আহমেদ। তাদের দুইজনের নেতৃত্বে গত চার বছরের বেশি সময়ে শেয়ারবাজারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আছে। তবে আস্থাভাজন কর্মকর্তাদের হাত করে নিজেকে বিএসইসির চেয়ারম্যান পদে রাখার দাবি তোলারও চেষ্টা করেছিলেন শিবলী রুবাইয়াত। কর্মকর্তারা তাতে সায় দেননি।

এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে ফ্লোর প্রাইস কার্যকর থাকা ছয় কোম্পানির মধ্যে তিনটির ফ্লোর প্রাইস তুলে দিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় একটি আদেশ জারি করেছিলেন শিবলী রুবাইয়াত। তার আস্থাভাজন কয়েকজন কর্মকর্তাকে গোপন স্থানে ফাইল নিয়ে স্বাক্ষর এনে এ কাজে তাকে সহায়তা করেছিলেন। তবে কমিশন সভা ছাড়া এ আদেশ জারির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এ অবস্থায় ঢাকা স্টক এক্সচেঞ্জ আদেশটি আজ রোববার সকালে কার্যকর করেনি। এ আদেশের অবৈধতা নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে ব্যাখ্যা চেয়ে বিএসইসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এদিকে টানা চতুর্থ দিনে ব্যাপক উত্থানে লেনদেন চলছে শেয়ারবাজারে। দুপুর ১২টায় দিনের লেনদেনের দ্বিতীয় ঘণ্টা শেষে দেখা গেছে, তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৮৯টি দর বেড়ে, ৮৭টি দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল।

এ সময় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৭১ পয়েন্ট বেড়ে ৬০৬৯ পয়েন্টে অবস্থান করছিল। এ সময় সূচক বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৮৯ শতাংশ। তবে সকাল ১০টায় লেনদেন শুরুর ২২ মিনিট পর শেয়ারের ব্যাপক দরবৃদ্ধিতে ভর করে সূচকটি ২৯১ পয়েন্ট বা ৪ দশমিক ৯১ শতাংশ বেড়ে ৬২১৬ পয়েন্ট ছাড়িয়েছিল।

আজকের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৭৯৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। দ্বিতীয় ঘণ্টা শেষে লেনদেনের অঙ্ক বেড়ে ১ হাজার ১০৪ কোটি টাকায় উন্নীত হয়েছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)