Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউসিবি চেয়ারম্যান রুখমিলা জামানের ব্যাংক হিসাব স্থগিত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২৪ , ৬:১৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৩, ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরীর ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একইসাথে রুখমিলা জামানের স্বামী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তাঁদের পুত্র-কন্যা ও তাঁদের নামে থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এসব হিসাবে আগামী ৩০ দিন কোনো লেনদেন করা যাবে না। এমনকি তাঁদের নামে থাকা ক্রেডিট কার্ডেও লেনদেন হবে না।

সোমবার, ১২ আগস্ট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এক চিঠিতে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।

সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠার পর তাঁকে বিদায়ী সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি।

সরকারের পতনের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে সাবেক মন্ত্রী ও তাঁর পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন ব্যাংকের দেড় শতাধিক শেয়ারধারী। গত বৃহস্পতিবার গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাঁরা এ দাবি জানান। এ সময় তাঁরা বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে সাবেক ভূমিমন্ত্রীর ‘বিদেশে অর্থ পাচার’ ও ব্যাংকটির নানা অনিয়ম নিয়ে অভিযোগ উত্থাপন করেন।

বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ব্যাংকটির কিছু শেয়ারধারী জানিয়েছেন, রুখমিলা জামান ব্যাংকের চেয়ারপারসন হলেও কার্যত সাইফুজ্জামান চৌধুরী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং তাঁর ‘স্বেচ্ছাচারিতা ও লুটপাটের কারণে’ ব্যাংকটি আজ দেউলিয়া হওয়ার পথে। ওই চিঠিতে অভিযোগ করা হয়, সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে ১ হাজার ৮৮৮ কোটি টাকার সম্পদ রয়েছে, যা এই ‘ব্যাংকের আমানতকারীদের টাকা লুট করে পরিশোধ করা হয়েছে’।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)