Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

টেকসই সংস্কারে ‘ব্যাংক কমিশন’ গঠনের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২৪ , ৫:৪০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৯, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ব্যাংকখাতে টেকসই সংস্কার জন্য একটি ব্যাংক কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, আর্থিকখাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করে, অন্তবর্তীকালীন সরকার গঠন হওয়ার ১০০ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে।

রোববার, ১৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বৈদেশিক মুদ্রাবাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ হিসেবে, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড ১ শতাংশ হতে বাড়িয়ে ২.৫ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে– সবাইকে আরও কিছুদিন ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

এর আগে ব্যাংকখাতের অনিয়ম নির্ধারণসহ খাতটির সার্বিক পরিস্থিতি জানতে, এবং টেকসই উন্নয়নের স্বার্থে অর্থনীতিবিদ ও গবেষকরা ব্যাংক কমিশন গঠনের দাবি জানান। তার পরিপ্রেক্ষিতে, প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই ব্যাংক কমিশন গঠনের ঘোষণাও দেন।

২০১৮ সালের নির্বাচনে সরকার গঠনের পর আওয়ামী লীগের প্রথম বাজেট উপস্থাপনকালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ব্যাংক কমিশন গঠনের ঘোষণা দিলেও তা আর করেননি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)