Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সক্ষমতা বাড়াতে উদ্দীপন ও হিসাবের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২২ , ৬:৫৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৭, ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার : ঋণগ্রহীতা এবং এমএফআই -এর মধ্যে নির্বিঘ্নে যোগাযোগ সক্ষমতা বাড়াতে চায় মাইক্রোক্রেডিট ফাইন্যান্সিং ইনস্টিটিউট ‘উদ্দীপন’। ডিজিটাল যোগাযোগ বৃদ্ধি ও আর্থিক স্বচ্ছতা আরও বাড়াতে বাড়াতে মঙ্গলবার (৭ জুন) উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন এবং হিসাব টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর আদাবরে উদ্দীপনের প্রধান কার্যালয়ের কনভেনশন হলে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উদ্দীপনের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি।

উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসুর সঞ্চালনে বিশেষ অতিথি ছিলেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহস অনেকে।

অনুষ্ঠানে উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু এবং হিসাব -এর সিইও জুবায়ের আহমেদ একটি অডিও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে সব কর্মকাণ্ড তুলে ধরেন।

উদ্দীপনের সম্মানিত ইমেরিটাস চেয়ারম্যান মো শহীদ হোসেন তালুকদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভয়েস ইউজার ইন্টারফেস (ভিইউআই) তৈরি করেছে ‘হিসাব’। এখন থেকে উদ্দীপনের সদস্যরা ‘ইন্টারফেস’ ব্যবহারের মাধ্যমে লেনদেন করবে। অর্থাৎ ভয়েজ ইউজার ইন্টারফেইস একটি কথোপকথনমূলক ইঞ্জিন। প্রাকৃতিকভাবে ভাষাকে প্রক্রিয়াকরণ করে উদ্দীপনের গ্রাহক ‘ক্লায়েন্ট-হান্টিং’ থেকে শুরু করে দেশব্যাপী পেমেন্ট সংগ্রহ ও পরিচালনা করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি বলেন, বাংলাদেশে প্রথম মাইক্রোফাইন্যান্স কোম্পানি পরিদর্শন করি। করোনাকালে শাখা বৃদ্ধি সত্যি বিস্ময়কর। বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য এই টেকনোলজি খুবই দরকার। উদ্দীপনের সাফল্য দেখে আমি অভিভূত।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইকোনমিক জোন আড়াইহাজারে জাপানি কো্ম্পানিগুলো বিনিয়োগ করবে। জাপান বাংলাদেশের একটি গুড পার্টনার। দীর্ঘ সময় ধরে একসঙ্গে চলছে, বাংলাদেশে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে জাপান। মেট্রোরেলসহ কয়েকটি মেগাপ্রজেক্টে বিনিয়োগ করছে। শিগগিরই বাংলাদেশের অর্থনীতি বদলে যাবে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার সকালে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রদূত বলেন, পদ্মা সেতুর মতো বড় অবকাঠামো নির্মাণে সাহস দেখিয়েছে বাংলাদেশ। পদ্মা সেতুর মতো বড় অবকাঠামোর কারণে জাপানের বিনিয়োগকারীদের ৬০ শতাংশ এ দেশে বিনিয়োগ করতে চায়। এ সেতুর ফলে বাংলাদেশে বিনিয়োগে আরও আস্থার পরিবেশ তৈরি হবে।

ইতো নাওকি বলেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগের চেয়ে বেশি আগ্রহী। কারণ এখানকার সরকারের আরও সুসংগত নীতি রয়েছে যা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে এবং এর অর্থনীতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশে ব্যবসা করা জাপানের প্রায় ৭০ শতাংশ কোম্পানি আগামী দুই বছরের মধ্যে তাদের ব্যবসা কার্যক্রম বাড়াবে বলে আশা প্রকাশ করেন ইতো নাওকি।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ড. মিহির কান্তি মজুমদার বলেন, বাংলাদেশে ৮৪ শতাংশ লোক শ্রম দেয়। ডেমোগ্রাফি ডেভিডেন্ড পাওয়া একটি দেশের সম্ভাবনা অনেক। আমাদের প্রধানমন্ত্রী তা ব্যবহার করে দেশকে এগিয়ে নিচ্ছেন। তবে শ্রীলঙ্কা এমন ডেমোগ্রাফি ডেভিডেন্ড পেয়েও কাজে লাগাতে না পারায় তাদের অর্থনীতি বিপর্যস্থ।

বাংলাদেশেকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের সময় থেকে জাপান সহযোগিতা করছে, এখনো তাদের সেই সহায়তা অব্যহত থাকায় কৃতজ্ঞতা এবং অনুষ্ঠানে অংশ নেয়ায় জাপানের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান সাবেক এই সিনিয়র সচিব।

উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু বলেন, ‘হিসাব’ –এর সঙ্গে উদ্দীপনের চুক্তি দীর্ঘ সময়ের এবং কোন বিশেষ শর্তে নয়। আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছি। আমাদের সমন্বিত যাত্রা শুরু হলো।

বাংলাদেশের শীর্ষ ১০টি বৃহত্তম জাতীয় উন্নয়ন সংস্থার মধ্যে উদ্দীপনকে একটি হিসেবে বিবেচনা করা হয়। উদ্যোক্তা উন্নয়নে ‘উদ্দীপন’ বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিকভাবে নারীর ক্ষমতায়ন করে এবং দারিদ্র্যের ফাঁদ থেকে বেরিয়ে আসতে সহায়তা করে।

নারীদের সুপ্ত সম্ভাবনাকে বের করে আনতে এবং সমন্বিতভাবে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলে উদ্দীপন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)