Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লাভেলোর অস্বাভাবিক দর বাড়ার কারণ তদন্তের নির্দেশ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২৪ , ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার, ২৩ সেপ্টেম্বর বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি লাভেলো আইসক্রিমের শেয়ারদর ও লেনদেন বেড়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এ পরিস্থিতিতে ডিএসইকে লাভেলো আইসক্রিমের লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেয়া হলো। সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারদর ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির কারণগুলো (বাজারের কারসাজি, ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য বাজারের অপব্যবহারসহ) চিহ্নিত করে ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসির সার্ভিলেন্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলো।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, তদন্তকালে কোম্পানিটি সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর আচরণবিধি ৬ ও ৮ এবং বিধি ১১ লঙ্ঘন করলে তা অবিলম্বে সংশ্লিষ্ট এআর/কমপ্লায়েন্স অফিসার/সিইওকে অবহিত করতে হবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৮ আগস্ট লাভেলোর শেয়ারদর ছিল ৭৪ টাকা ৫০ পয়সা। ৮ সেপ্টেম্বর তা দাঁড়ায় ৮৯ টাকা ৬০ পয়সায়। সর্বশেষ    সোমবার, ২৩ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৮৫ টাকায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)