প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একই শেয়ারে কারসাজির জন্য শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুসহ আরও ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সর্বোচ্চ জরিমানা করা হয়েছে ইশাল কমিউনিকেশনকে। প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই দায়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। তৃতীয় সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে আবুল খায়ের হিরুকে। এ ছাড়া আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতলুবকে ১০ লাখ টাকা, হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক মার্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে লাভা ইলেকট্রোডস ও জাহিদ কামালকে ১ লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত বছরের ১৭ আগস্ট ডিএসইতে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৪১ টাকা। ১৯ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় সাড়ে ৭৫ টাকায়। কোম্পানিটির শেয়ারের এই মূল্যবৃদ্ধির পেছনে ছিল বড় ধরনের কারসাজি। যার সঙ্গে যুক্ত ছিলেন সাকিব আল হাসান, আবুল খায়ের হিরুসহ উল্লেখিত ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।
শেয়ারবাজারে সাকিব আল হাসানের বিনিয়োগ ও কারসাজির বিষয়টি কয়েক বছর ধরে বেশ আলোচনায় ছিল। তবে এত দিন তাঁকে কোনো জরিমানা বা শাস্তি দেয়নি বিএসইসি। সাকিব আল হাসান ছিলেন বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের দূত।
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএসইসির পক্ষ থেকে সাকিব আল হাসানকে বিশেষ দূত থেকে বাদ দেওয়া হয়। এরপর কারসাজির দায়ে তাঁকে আজ জরিমানা করা হলো। গত কয়েক বছরের মধ্যে শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসানকে এটিই প্রথম জরিমানার ঘটনা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)