Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২৪ , ১২:১১ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ১২:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

কারখানার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ব্যবসায়ী নেতারা। বর্তমান পরিস্থিতিতে যাঁরা শিল্পাঞ্চলের অসন্তোষকে উসকে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, ব্যাংকঋণের সুদ ৯ থেকে বেড়ে ১৬ শতাংশ হয়েছে। তা পরিশোধ করে মুনাফা করা ব্যবসায়ীদের কঠিন বাস্তবতায় ফেলেছে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ’ নিয়ে সম্প্রতি এক সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ীরা।

সেমিনারে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, করোনার পরে আমরা নানা চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছি। তবে সম্প্রতি শিল্প-কারখানায় অসন্তোষের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ও ব্যাংকঋণের সুদের বৃদ্ধিও কারণে সাপ্লাই চেইন ব্যবস্থায় অস্থিতিশীল দেখ দিয়েছে। ফলে বেসরকারি খাত প্রতিকূল পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে। অর্থনীতির সার্বিক বিকাশের লক্ষ্যে যা কোনোভাবেই কাম্য নয়।

একই সঙ্গে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে, ফলে উদ্যোক্তারা প্রত্যাশিত মাত্রায় ঋণ পাচ্ছেন না বলে জানান আশরাফ আহমেদ।

শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, আমরা কষ্টে আছি। আজকে আমার কারখানায় যেতে ভয় লাগে। এই জন্য যে আমি কি জীবন নিয়ে বের হয়ে আসতে পারব? এভাবে ব্যবসায়ীরা যদি নিজেদের কারখানায় যেতে শঙ্কিত হন, তাহলে তারা আগামী দিনে ব্যাবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে যাঁরা শিল্পাঞ্চলে অসন্তোষ উসকে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান আহসান খান চৌধুরী।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ১৫ শতাংশের বেশি ব্যাংকঋণের সুদ দিয়ে পৃথিবীতে ব্যবসা টিকিয়ে রাখা খুবই দুঃসাধ্য। বিশেষ করে কাস্টম হাউসে দুর্নীতির কারণে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা নিরসনে সরকারকে ফিন্যানশিয়াল রিফর্মস কমিটি গঠন করার পাশাপাশি অটোমেশন নিশ্চিত করা জরুরি বলেন তিনি।

অন্তর্বর্তী সরকার সম্পর্কে মীর নাসির হোসেন বলেন, সরকার এখনো ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে পারেনি। ব্যবসায়ীদের কথা তাদের শুনতে হবে। তাঁদের অবদান স্বীকার করতে হবে। ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে যেসব অব্যবস্থাপনা ছিল, সেগুলো সংস্কার করতে হবে। তবে এখনো কোনো উদ্যোগ দেখছি না।

বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীরা ভীষণ অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলেন লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি বলেন, সংকট উত্তরণে শিল্পাঞ্চলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর কার্যক্রম আরো জোরদার করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

একইসঙ্গে সরাসরি বিদেশি বিনিয়োগের এফডিআই চালু করা এবং ডাবল ডিজিটের সুদ দিয়ে ব্যবসায় মুনাফা করা অসম্ভব বলেন সৈয়দ নাসিম মঞ্জুর।

তৈরি পোশাক শ্রমিক অসন্তোষে অনুপ্রবেশকারীদের হাত রয়েছে বলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, বিদ্যমান এরই মধ্যে শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, পাশাপাশি শ্রমিকদের যেকোনো যৌক্তিক দাবি মেনে নয়োর কথা বলেন এই নেতা।

সেমিনার থেকে ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ বলেন, পোশাক খাতের ঝুট নিয়ন্ত্রণ, শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়েই শ্রমিক অসন্তোষের কারণ। ফলে শিল্প-কারখানায় নিরাপত্তা বিঘ্নিত এবং পণ্য উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে, যা মোটেই কাম্য নয়। যেকোনো মূল্যে এই পরিস্থিতির উন্নয়ন ঘটানোর কথা বলেন তিনি।

একই সঙ্গে সরকাওে দৃষ্টি আকর্ষণ করে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ বলেন, শিল্প খাতের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কার্যকরী উদ্যোগ নিতে হবে। আর সরকারকে এ বিষয়ে নজর দেয়া জরুরি।

বন্যা ও পার্বত্য এলাকায় অস্থিরতার কারণে পর্যটন ব্যবসায় ধস নেমেছে বলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। পাশের দেশে ভিসা জটিলতার কারণে এই খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। সামগ্রিকভাবে ই-কমার্স খাতের উন্নয়নে আস্থার পরিবেশ উন্নতির কথা বলেন তিনি।

আন্দোলনে গত তিন মাসে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় বিশেষ করে ডিজিটাল সেবা খাতের ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেন ফুডপান্ডা বাংলাদেশের চেয়ারম্যান আমব্রারিন রেজা। তাই এই খাতের বেশির ভাগ উদ্যোক্তাই এসএমই, যাঁদের ব্যাবসায়িক কর্মকাণ্ড স্বাভাবিক করতে দ্রুততম সময়ে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানের কথা বলেন তিনি।

সেমিনারে অংশ নেন ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারী, পরিচালনা পর্ষদের সদস্যসহ বেসরকারি খাতের আমন্ত্রিত অতিথিরা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)