Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পুঁজিবাজার উন্নয়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে এসইসির যৌথ কর্মশালা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৮, ২০২৪ , ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারকে আরো উন্নত, আধুনিক ও সমৃদ্ধ করতে ৪ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশ্বব্যাংক ও ইউএস এসইসি সহযোগিতায় রোববার (২৭ অক্টোবর) ঢাকায় কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসি ভবনে ২৭ থেকে ৩০ অক্টোবর ৪দিনব্যাপি এই কর্মশালা চলবে।

‘কনফারেন্স অন হেন্সিং সিকিউরিটজ রেগুলেশন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট জিসল্ট বাঙ্গো, ইউএস এসইসির এসেসিয়েট ডিরেক্টর পাউল গুমেঞ্জি এবং ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনোমিক অফিসার জেমস গার্ডিনারসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার ফারজানা লালারুখ ও বিএসইসির শীর্ষ কর্মকার্তারা। আরো উপস্থিত ছিলেন সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) কর্মকর্তা ও প্রতিনিধিরা।

শুভেচ্ছা জানিয়ে কর্মশালায় রাশেদ মাকসুদ বলেন, ইউএস এসইসি ও বিশ্বব্যাংকের পুঁজিবাজারের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে। এমন অভিজ্ঞদের দ্বারা এ ধরণের কর্মশালার আয়োজন করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। এই কর্মশালা পুঁজিবাজারে দায়িত্ব পালনের ক্ষেত্রে সব অংশীজনদের দৃষ্টিভঙ্গি আরও ভালভাবে বুঝতে সহায়তা করবে।

তিনি বলেন, আমরা বিশ্বব্যাংক এবং ইউএস এসইসির সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম আয়োজনে বরাবরই আগ্রহী ছিলাম। এধরণের অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম বিশ্বব্যাংকের সাথে আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

একইসঙ্গে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও কল্যাণে আগামীতে এধরণের আরো অনেক কার্যক্রম পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় ঢাকার মার্কিন দূতাবাসের ইকোনোমিক অফিসার অফিসার জেমস গার্ডিনার বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতি খাতের প্রয়োজনীয় সংস্কারে সহায়ক ভূমিকা রাখতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, ৫ই আগস্ট পরবর্তী এটিই বাংলাদেশে এ ধরণের প্রথম কার্যক্রম। পরিবর্তনের বাংলাদেশে নতুনদের হাত ধরে ভালো কিছু হোক এমনটাই তারা প্রত্যাশা করেন বলে জানান তিনি।

বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট জিসল্ট বাঙ্গো বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিশ্বব্যাংক জে- ক্যাপ মিশনের আওতায় বিশ্বব্যাংক ও আইএফসি বাংলোদেশে অর্থনৈতিক খাতের উন্নয়নে কাজ করছে।

পুঁজিবাজারকে আরো উন্নত, আধুনিক ও সমৃদ্ধ করতে বিশ্বব্যাংক নানা ধরণের অংশীদারিত্ব ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এখানকার পুঁজিবাজারকে এগিয়ে নিতে প্রযুক্তি ও কারিগরি সহায়তার সঙ্গে মানবসম্পদের উন্নয়নেও তারা কাজ করছেন বলে জানান তিনি।

প্রথম দিনের কর্মশালায় ইউএস এসইসির নীতিশ বাহাদুর, এসেসিয়েট ডিরেক্টর পাউল গুমেঞ্জি, ব্রাঞ্জ প্রধান টম এবং সিনিয়র স্পেশালিস্ট পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

আজ সোমবারও কর্মশালা চলমান রয়েছে।

###

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)