Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদ্যুতের বকেয়া শোধে ৫ হাজার কোটির বন্ড ছাড়বে সরকার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২৪ , ১২:১০ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২৪, ১২:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পরিশোধে নতুন করে আরও ৫ হাজার কোটি টাকার বিশেষ বন্ড ছাড়তে যাচ্ছে সরকার। বন্ড ছাড়া হবে কয়েকটি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বন্ড ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে। অর্থ বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানায়, বিদ্যুৎ খাতে বকেয়ার পরিমাণ বর্তমানে ৪৫ হাজার কোটি টাকা। এ বকেয়া মাসে মাসে বাড়ছে। এদিকে চলতি অর্থবছরের বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। বিদ্যমান বরাদ্দ দিয়ে বকেয়া পরিশোধ করা কঠিন হতে পারে।

বিদ্যুতের বকেয়া পরিশোধের জটিলতা বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলেই শুরু হয়। চলতি পঞ্জিকা বছরের শুরু থেকে ৫ আগস্ট বিদায় নেওয়ার আগপর্যন্ত আওয়ামী লীগ সরকার ১৫ হাজার কোটি টাকার বিশেষ বন্ড ছেড়েছে বিদ্যুৎ খাতের বকেয়া পরিশোধে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, বন্ড ছাড়ার ইতিবাচক দিক হচ্ছে, এর ফলে ব্যাংকের কাছে কোম্পানিগুলোর দায়টা সমন্বয় হয়ে যাচ্ছে। ব্যবসা করতে তাদের আর অসুবিধার সম্মুখীন হতে হবে না। আর ব্যাংকের সুবিধা হচ্ছে, তারা বন্ড রেখে টাকা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক থেকে, অন্য ব্যাংকের কাছে এগুলো বিক্রিও করতে পারবে।

এ বন্ডের মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের নগদ জমা (সিআরআর) ও বিধিবদ্ধ জমার (এসএলআর) বাধ্যবাধকতা পূরণ করতে পারবে। সরকারের জন্য সুবিধা হলো, নগদ টাকা আপাতত পরিশোধ করতে হবে না। অর্থাৎ দায় পরিশোধে সরকারও একটু সময় পেল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)