Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর পরিচালক হলেন মিনহাজ মান্নান ইমন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৪ , ৬:১৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন। ডিএসইর একটি শেয়ারহোল্ডার পরিচালক পদের শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য ডিএসইর পরিচালনা পর্ষদ ১৬ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে।

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান।

নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৮ অক্টোবর ২০২৪ তারিখেনির্বাচনী তফসীল ঘোষণা করেন। নির্বাচনী তফসীল অনুসারে ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৪তারিখ পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ। ওই সময়ের মধ্যে শুধুমাত্র বিএলআই সিকিউরিটিজ লিমিটেড-এর শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচিত পরিচালক মিনহাজ মান্নান ইমন দীর্ঘ ৩৫ বছর যাবত পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন। তিনি এই দীর্ঘ সময়ে বেশ কিছু কোম্পানির ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটারের দায়িত্ব পালন করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)