Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বেক্সিমকোর বকেয়া পরিশোধে ঋণ প্রদানের সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২৪ , ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২০, ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের গত অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার, ১৯ নভেম্বর সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে বেক্সিমকোকে এ ঋণ প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে তিনি শ্রমিকদের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে কাজে যোগদান ও আশুলিয়া-চন্দ্রা এলাকার সকল কারখানাকে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখার অনুরোধ জানান।

গত অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার পঞ্চম দিনের মতো গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়া ডরিন গ্রুপের শ্রমিকরাও কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। এই দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছেন।

সোমবার, ১৮ নভেম্বর সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। রাতে অবরোধ তুলে নিলেও দাবি পূরণ না হওয়ায় পঞ্চম দিনের মতো মঙ্গলবার সকাল ১০টা থেকে ফের ওই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন তারা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)