ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিন সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও বয়স নির্ধারণ করা হয়।
বাংলাদেশ ব্যাংক থেকে সোমবার (১৬ ডিসেম্বর) বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিআরপিডি পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।
বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ১৮ নভেম্বর ২০২৪ তারিখের অধ্যাদেশ নং ১১, ২০২৪ এর মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিন সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ (ত্রিশ) বছরের পরিবর্তে ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করত অধ্যাদেশ জারি করা হয়।’
‘এক্ষণে উক্ত অধ্যাদেশের সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ (ত্রিশ) বছরের পরিবর্তে ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ করার জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।’
‘বিআরপিডি সার্কুলার নং-০৮, তারিখ: ২৩ জুন ২০১৩ এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা এতদ্বারা রহিত করা হলো। তবে উক্ত নির্দেশনার আলোকে ইতঃপূর্বে গৃহীত কার্যক্রম বৈধ হিসেবে গণ্য হবে।’
‘ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে’ বলে জানান মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)