Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমজেএলের সমুদ্রগামী জাহাজ ক্রয়ের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২৪ , ১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এমজেএল বাংলাদেশ পিএলসি পণ্য পরিবহনের জন্য আরও একটি সমুদ্রগামী জাহাজ কিনবে। রবিবার, ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত এমজেএল বাংলাদেশ এর পরিচালনা পরিষদের ১৪২ তম সভায় জাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, এমজেএল বাংলাদেশ এর পর্ষদ সভায় বয়সজনিত কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া কোম্পানির জাহাজ ‘এমটি ওমেরা লিগ্যাসি’কে বহর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে এমটি নিসোস ডেলোস নামে একটি সেকেন্ডহ্যান্ড আফরাম্যাক্স অয়েল ট্যাংকার কেনার সিদ্ধান্ত নেয় পর্ষদ।

এমটি নিসোস ডেলোসের ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার ৬৯০ মেট্রিকটন। ট্যাংকারটি প্রায় ১২ বছর ব্যবহার করা যাবে। অয়েল ট্যাংকারটি কিনতে ব্যয় হবে ৪ কোটি ৫৩ লাখ ডলার, দেশীয় মুদ্রায় প্রায় ৫৪৪ কোটি টাকা।

এমজেএল বাংলাদেশ ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩১৬ কোটি ৭৫ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরে এটি ২৭৬ কোটি ৬৩ লাখ টাকা নীট মুনাফা করেছে। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭১ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) এমজেএল বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৮৫ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ২ টাকা ৬৫ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৪৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)