Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুয়ার সার্ভিসেস পিএলসির কিউআইও সাবস্ক্রিপশন স্থগিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২৫ , ৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৪, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এসএমই খাতে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় দুয়ার সার্ভিসেস পিএলসি (DOER Services PLC) এর কিউআইও (Qualified Investor Offer) এর সাবস্ক্রিপশন স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি তদন্তের জন্য বিএসইসি ও ডিএসই এর কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, দুয়ার সার্ভিসেস পিএলসি (DOER Services PLC) গত ২৭ এপ্রিল, ২০২৪ তারিখে কিউআইও এর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনে কমিশনে আবেদন করে। কমিশনের ০৯ জুন ৯১১ তম কমিশন সভায় শর্তসাপেক্ষে অভিপ্রায় পত্র (Letter of Intent) প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে।

পরবর্তীতে কোম্পানির শর্ত পরিপালনের শর্ত অনুযায়ী কোম্পানির কাছে দলিলাদি প্রাপ্তির পর কমিশন ৫ ডিসেম্বর ৯৩৪ তম কমিশন সভায় সম্মতিপত্র (Consent letter) প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে।

কোম্পানি কিউআইও অফারের শেয়ার বরাদ্দ (Share subscription) এর জন্য ১৯ থেকে ২৩ জানুয়ারি নির্ধারণ করে।

সম্প্রতি কোম্পানির সাথে তার বিভিন্ন গ্রাহকের সেবা প্রদান সংক্রান্ত চুক্তি, কোম্পানির আয় ও মুনাফা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ কমিশনের দৃষ্টিগোচর হয়। সেই প্রেক্ষিতেই কমিশন সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)