Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৫ , ৮:৩৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৩, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান অ্যাপেলো অ্যাপারেলস লিমিটেড এবং কাঁচপুর অ্যাপারেলস লিমিটেডের নামে ২১টি এলসি বা সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইতে তার ছেলের আর আর গ্লোবাল ট্রেডিং এফজেডই সাইফ লাউঞ্জ, পোস্ট অফিস বক্স নং- ১২১৭০৯, সংযুক্ত আরব আমিরাতের শারজায় ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন তারিখ ২ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৯৮৪ ইউএস ডলারের পণ্যমূল্য রপ্তানি করে অর্থপাচার করেছে। এ বিষয়ে মানিলন্ডারিং মামলা তদন্তাধীন আছে।

আরও বলা হয়েছে, আসামিরা পারস্পরিক  সহযোগীতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে।

ঢাকার দোহার থানা এবং গুলশান থানা এলাকায় সর্বমোট ১৯৬৭ দশমিক ৯১৯ শতাংশ জমি, গুলশানের দ্য এনভয় নামে বিল্ডিংয়ে তার ছেলে এ মামলার আসামি আহমেদ শাহরিয়ার রহমানের নামে ৬ হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামের ৬ তলা বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার ২ হাজার ৭১৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট আদালতের আদেশে ক্রোক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)