Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অর্থ লোপাট তদন্তে অডিটর নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৫ , ৩:৩৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৭, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইওয়াই, ডেলোওয়েট এবং কেপিএমজি নামের তিনটি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংক থেকে অর্থ লুটপাট হয়েছে সেগুলোতে নিরীক্ষা চালাবে এই প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে এই তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, ব্যাংক থেকে হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ১৭ বিলিয়ন ডলার লুটপাট করেছেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট এসব লোপাট করা অর্থে কেনা সম্পদ ফিরিয়ে আনা এবং এরসঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে ১১টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে।

ইওয়াই এবং ডেলোওয়েট এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অপরদিকে কেপিএমজির সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

গভর্নর আহসান মনসুর জানিয়েছেন, তদন্তকারীরা বাংলাদেশের শীর্ষ ১০টি ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান করবেন। একইসঙ্গে শেখ হাসিনা এবং তার আত্মীয়-স্বজনদের সম্পদও তদন্ত করা হবে।

তিনি আরও জানিয়েছেন, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক থেকে প্রায় ২ লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে। যা ১৬ বিলিয়ন ডলারের সমান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)