Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২৫০ কোটি টাকা নিতে আইপিওতে আসছে লা মেরিডিয়ান

প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২২ , ৭:৩২ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২৩, ২০২২, ৭:৪০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে লা মেরিডিয়ান হোটেলের অপারেটর বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ২৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায়।

তবে নির্দিষ্ট মূল্য পদ্ধতির আইপিও নয়; বুক বিল্ডিং পদ্ধতির আইপিওতে বাজারে আসতে আগ্রহী।

২০২০ সালে কোম্পানিটি সরাসরি তালিকাভুক্তি (Direct Listing) পদ্ধতির আওতায় পুঁজিবাজারে আসার চেষ্টা করেছিল। প্রক্রিয়াটি অনেক দূর এগুনোর পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আইপিওতে আসতে শান্তা ইক্যুইটি লিমিটেড ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

সম্প্রতি বেস্ট হোল্ডিংসের ইস্যু ম্যানেজার পুঁজিবাজার শান্তা ইক্যুইটির উর্ধতন কর্মকর্তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার উর্ধতনদের সাথে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন।

তবে এখন পর্যন্ত কোম্পানিটির পক্ষ থেকে আইপিওর আবেদন জমা দেওয়া হয়নি বিএসইসিতে। কবে নাগাদ এই আবেদন জমা হতে পারে সে বিষয়েও সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানা যায়নি।

কোম্পানিটি ২০২০ সালের ১২ নভেম্বর বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে সরাসরি তালিকাভুক্তির আবেদন করেছিল। বিদ্যমান আইনে বেসরকারি খাতের কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ না থাকলেও কোম্পানিটি অর্থমন্ত্রীর দেওয়া একটি চিঠি ও বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপনকে সামনে রেখে তালিকাভুক্তির কাজ শেষ করতে চেয়েছিল।

শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে আইনি বিধিবিধান শিথিল করার সুপারিশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০ সালের ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছিলেন।

এর আগে একই বছরের জুলাই মাসে বেসরকারি খাতের অবকাঠামো প্রকল্প ও প্রকল্প সংশ্নিষ্ট কোম্পানিতে বিনিয়োগ বা ইক্যুইটি এক্সপোজার সংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনের মাধ্যমে বাজারে তারল্য সৃষ্টি, বিনিয়োগের গুণগত মান বৃদ্ধি এবং ঝুঁকি কমিয়ে আনতে নীতিমালা জারি করা হয়।

এতে বলা হয়, ইতোমধ্যে ব্যাংক কর্তৃক এমন ইক্যুইটি এক্সপোজার গৃহীত হয়ে থাকলে সার্কুলার জারির ছয় মাসের মধ্যে শেয়ারাবাজারে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ নিতে হবে। প্রকল্পের পরিশোধিত মূলধনের ৫ শতাংশ পর্যন্ত প্রথম বছরে তালিকাভুক্ত করা যাবে।

বেস্ট হোল্ডিংসের প্লেসমেন্ট শেয়ারে থাকা চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিনিয়োগকে দেখিয়ে কোম্পানিটি নিজেদের সরকারি কোম্পানি হিসেবে দেখিয়ে তালিকাভুক্তির বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল। কোম্পানিটির তালিকাভুক্তির একটি আবেদন ডিএসইর পর্ষদ সভায় বিবেচনার জন্য উঠার কথা ছিল।

প্রতিটি ১০ টাকা দামের শেয়ারে ৫৫টা প্রিমিয়াম ধরে ৬৫ টাকায় সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে পুঁজিবাজারে থেকে ২৮৩ কোটি টাকা তারা তুলতে চেয়েছিল কোম্পানিটি। কিন্তু শেষ মুহুর্তে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির হস্তক্ষেপে সেটি আর হয়ে উঠেনি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)