বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত ৬ মার্চ বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং আগারগাঁওয়ে বিএসইসি ভবনের সামনে থাকবে পুলিশের কঠোর অবস্থান।
শনিবার (৮ মার্চ) শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম জানান, অভিযুক্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। কেউ কমিশন ভবনে প্রবেশের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হবে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ৬ মার্চ একদল কর্মকর্তা জোরপূর্বক কমিশনের সভাকক্ষে ঢুকে চেয়ারম্যান ও তিন কমিশনারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। তারা কমিশনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন, সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেন, লিফট বন্ধ করে দেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এসির রিমোট ছুড়ে মারেন এবং কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিবকে লাঞ্ছিত করেন। তারা সন্ত্রাসী কায়দায় সরকারি অফিসের কার্যক্রম ব্যাহত করেন এবং সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করেন।
এই ঘটনার সূত্রপাত হয় ৫ মার্চ, যখন বাধ্যতামূলক অবসরে পাঠানো নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে পুনর্বহাল এবং নতুন চেয়ারম্যান ও কমিশনারদের অপসারণসহ চার দফা দাবিতে বিএসইসির একদল কর্মকর্তা আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীরা কমিশনের বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দেয় এবং কর্মকর্তাদের জিম্মি করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ এবং পরে সেনাবাহিনী বিএসইসি ভবনে প্রবেশ করে চেয়ারম্যান ও কমিশনারদের মুক্ত করেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)