Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমের পদত্যাগ

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৫ , ২:৩২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৫, ২:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। সোমবার, ১০ মার্চ তিনি অফিস করে আনুষ্ঠানিকভাবে বিএসইসি চেয়ারম্যানের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বিএসইসিতে কর্মরত মাহবুবুল আলমের বিরুদ্ধে সম্প্রতি একাধিক অভিযোগ ওঠে। গত ৫ মার্চ বিএসইসি চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগসহ অন্যান্য বিষয়ে তাঁকে এবং আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অভিযুক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৬ মার্চ রাতে মাহবুবুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

৯ মার্চ, রবিবার তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন গ্রহণ করেন, যা মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। এ ছাড়া রবিবার ও সোমবার পর্যন্ত বিএসইসির আরও ১৩ জন কর্মকর্তা ও কর্মচারী আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তবে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা এবং উপ-পরিচালক তৌহিদুল ইসলাম এখনো জামিন নেননি।

মাহবুবুল আলম বলেন, রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছি। সোমবার অফিস করেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এবং আজ অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)