Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ হতে পারে’

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২৫ , ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৩, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার রাতে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক–এপ্রিল ২০২৫’ প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের যৌথ বসন্তকালীন সভার দ্বিতীয় দিনে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জন্য ২০২৫ সালের জিডিপি প্রবৃদ্ধির হালনাগাদ পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া ২০২৬ সালে এই প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ সরকার সম্প্রতি চলতি অর্থবছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পুনর্বিন্যাস করে ৫ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে।

কয়েক দিন আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। সে তুলনায় আইএমএফ-এর অনুমান আরও কিছুটা কম।

এ বছর গড় মূল্যস্ফীতি ১০ শতাংশ হতে পারে: অপরদিকে মূল্যস্ফীতি সংক্রান্ত পূর্বাভাসে আইএমএফ জানিয়েছে, ২০২৫ সালে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি থাকতে পারে ১০ শতাংশের কাছাকাছি।

আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৮ শতাংশ এবং এশিয়া অঞ্চলের গড় প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৫ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)