তাওফিকা ফুডস্ এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২ লাখ শেয়ার কিনবেন কোম্পানিটির পরিচালক মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম। মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে এই শেয়ার কিনবেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে রোববার লাভেলোর প্রতিটি শেয়ারের সমাপনী বাজারমূল্য ছিল ৮১ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে ২ লাখ শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৬৩ লাখ টাকা। তবে শেয়ারের দাম কমলে বা বাড়লে এর দামও কমবে ও বাড়বে।
মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ প্রকৌশলী মো. একরামুল হক ও চেয়ারম্যান দাঁতিন শামিমা নার্গিস হকের মেয়ে। এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ প্রকৌশলী মো. একরামুল হক বলেন, কানাডা থেকে পড়াশুনা শেষ করে খুব শিঘ্রই দেশে ফিরে নিয়মিত কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম দেখাশোনা করবে। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে কোম্পানির ব্যবসা এগিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসাবেই এ শেয়ার ক্রয় করা হচ্ছে।
মুহসীনীনা তাওফিকা একরাম এবং মুহসীনীনা সারিকা একরাম তাওফিকা ফুডস্ এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালক হিসাবে যথাক্রমে কোম্পানির মোট শেয়ারের ২.৪১ শতাংশ এবং ৩.৫৩ শতাংশের মালিকানায় রয়েছেন। নতুন করে শেয়ার কেনায় তাদের মালিকানা আরো বৃদ্ধি পাবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)