Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘আইএমএফের সব শর্ত মেনে ঋণ নিতে চাই না’

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৫ , ৭:০৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মেনে আমরা কোনও ঋণ নিতে চাই না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার, ২৯ এপ্রিল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না। বাংলাদেশের অর্থনীতি অতীতের যে কোনও সময়ের তুলনায় ভালো। তাই ঋণ দেওয়ার বিপরীতে ঋণদান সংস্থার যে কোনও শর্ত আমরা মানবো না।

তিনি বলেন, আইএমএফ চায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া হোক। তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে পুরোপুরি ছেড়ে দেওয়া সম্ভব নয়। আইএমএফের সব শর্ত মানবো না। আমরা আমাদের মত সিদ্ধান্ত নিবো। এতে আইএমএফ কিস্তি দিলে দিবে, না দিলে নিজেদের মত করেই বাজেট করবো।

আইএমএফ প্রতিনিধি দলের চলতি মাসে ঢাকায় সফরে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩০ কোটি ডলার ছাড়ের বিষয়ে কোনো সুরাহা হয়নি। মুদ্রার বিনিময় হার অধিকতর নমনীয় করা ও কর আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে তাদের সমঝোতা হয়নি।

সম্প্রতি আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)