Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মূলধন সংকটে বন্ধ পাঁচ ব্রোকারেজ হাউজ, ট্রিস্টারের লাইসেন্স বাতিল

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৫ , ১১:৫০ পূর্বাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

নেট মূলধনের ঘাটতির কারণে পাঁচটি নতুন প্রজন্মের ব্রোকারেজ হাউজের কার্যক্রম বন্ধ হয়েছে। এর মধ্যে ট্রিস্টার সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইতোমধ্যে বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইর সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি ব্রোকারেজ লাইসেন্স সংক্রান্ত বিধিমালার ৩(২)(গ) ধারা ভঙ্গ করেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি ব্রোকারেজ হাউজকে yতাদের পরিশোধিত মূলধনের অন্তত ৭৫ শতাংশ নেট মূলধন হিসেবে ধরে রাখতে হয়। ট্রিস্টার এই নির্ধারিত মাত্রা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ডিএসই তাদের ট্রেক বাতিলের সিদ্ধান্ত নেয়।

ডিএসইর তথ্যমতে, ২০২২–২৩ অর্থবছরে ট্রিস্টার সিকিউরিটিজের নেট মূলধনের হার ছিল ৫৩ দশমিক ৭৬ শতাংশ। পরবর্তী অর্থবছরে তা কমে দাঁড়ায় মাত্র ১১ দশমিক ৯০ শতাংশে। নেট মূলধনের এমন নাটকীয় পতনের ফলে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনায় অযোগ্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে, ডিএসই বিনিয়োগকারীদের নিজ নিজ হিসাব পর্যালোচনা করে দ্রুত যেসব লেনদেন এখনো নিষ্পন্ন হয়নি, তা নিষ্পত্তি করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি কোনো অভিযোগ থাকলে প্রাসঙ্গিক কাগজপত্রসহ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নেট মূলধনের সংকটে ট্রিস্টার সিকিউরিটিজ ছাড়াও আল হারামাইন সিকিউরিটিজ, সোনালী সিকিউরিটিজ, ট্রেডএক্স সিকিউরিটিজ এবং মনার্ক হোল্ডিংস বর্তমানে কার্যক্রম স্থগিত রেখেছে। এসব প্রতিষ্ঠানের ট্রেডিং কার্যক্রম আপাতত বন্ধ থাকলেও, ডিএসই সূত্র জানিয়েছে, তারা যদি আবার নির্ধারিত মূলধন নিশ্চিত করতে পারে, তবে তাদের কার্যক্রম পুনরায় চালুর সুযোগ থাকবে।

২০১৩ সালের ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুসারে দেশের শীর্ষ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন উদ্যোক্তাদের অন্তর্ভুক্তির লক্ষ্যে ২০২১ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন করে ৫২টি ব্রোকারেজ লাইসেন্স অনুমোদন করে। সে সময় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডিএসই নতুন উদ্যোক্তাদের হাতে ট্রেক তুলে দেয়। শর্ত ছিল, এসব লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে ছয় মাসের মধ্যে ব্যবসা শুরু করতে হবে। কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করলেও অনেকেই তা পারেনি। ফলে তারা সময় বাড়িয়ে নেয়।

বর্তমানে নতুন ৫৯টি লাইসেন্সধারী ব্রোকারেজ হাউজের মধ্যে ৫২টি সক্রিয়ভাবে শেয়ার লেনদেনে অংশ নিচ্ছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান কার্যক্রম স্থগিত রেখেছে এবং এর মধ্যে ট্রিস্টার সিকিউরিটিজের ট্রেক সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)