Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে এবার অপসারণ

প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২৫ , ১১:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: মে ২২, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ছুটিতে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলিস’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে এবার অপসারণ করা হয়েছে। বিভিন্ন অনিয়ম–জালিয়াতির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাওযায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাকে অপসাণের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এতে অনাপত্তি দিয়েছে। আগামী এক মাস পর তথা ২০ জুন এ অপসারণাদেশ কার্যকর হবে। এর আগে গত ৬ এপ্রিল তাকে বাধ্যতামূলকভাবে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

জানা গেছে, মুনিরুল মওলাকে অপসারণের পাশাপাশি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তার অনিয়ম–জালিয়াতির নথি পাঠানো হয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এখন বিধি অনুযায়ী সংস্থাটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান  বলেন, ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অডিটে বিভিন্ন জালিয়াতির সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। সে আলোকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ অপসারণের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক তাতে অনাপত্তি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। বিভিন্ন উপায়ে শুধু এই ব্যাংক থেকে ৯১ হাজার কোটি টাকা বের করে নেওয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এস আলম ইসলামী ব্যাংক দখলে নেওয়ার পর ব্যাংকটিতে প্রভাবশালী হয়ে উঠেন মনিরুল মওলা। দ্রুততার সঙ্গে তাকে পদোন্নতি দিয়ে প্রথমে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পরে ২০২০ সালের ডিসেম্বরে এমডি নিয়োগ দেওয়া হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ব্যাংকটির পর্ষদের বেশিরভাগ সদস্য ও অধিকাংশ ডিএমডি আত্মগোপনে চলে যান। কিন্তু মনিরুল মওলা ঠিকই বহাল ছিলেন।

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ বর্তমানে ৬৫ হাজার ৭১৬ কোটি টাকা, যা ব্যাংকের মোট ঋণের ৪২ দশমিক ২২ শতাংশ। এর ফলে ব্যাংকের প্রভিশন ঘাটতি দাড়িয়েছে ৬৯ হাজার ৮১৬ কোটি টাকা। এই ঘাটতি পূরণ করতে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক থেকে ২০ বছর সময় চেয়ে আবেদন করেছে।

তবে, ইসলামী ব্যাংক ডিসেম্বরের ভিত্তিতে যে তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছিল, সেখানে খেলাপি ঋণ ৩২ হাজার ৮১৭ কোটি টাকা দেখানো হয়েছিল। সেই সময় পর্যন্ত ব্যাংকটি বিতরণ করেছিল এক লাখ ৫৫ হাজার ৬৫৯ কোটি টাকা ঋণ, যার মধ্যে খেলাপি ঋণ ছিল ২১ দশমিক ০৮ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)