পুঁজিবাজারে বৈচিত্র্য আনতে এবং তারল্য সরবরাহের সুযোগ তৈরি করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পদক্ষেপগুলোর- মধ্যে বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডকে রাইট শেয়ারে মাধ্যমে টাকা উত্তোলন ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমোডিটি মার্কেট অপারেশন চালু করাসহ বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়েছে।
কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫৬তম সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসি জানায়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমোডিটিস মার্কেট অপারেশন চালু ও সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদ আয়ের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে জমা দিয়ে বাকি অর্থ ব্রোকাররা ব্যবহার করতে পারবে। দেশের পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের মেইনটেইন্যান্স ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে জিপিএইচ ইস্পাত লিমিটেডের রাইটস শেয়ার ইস্যুর আবেদন না মঞ্জুর করেছে কমিশন।
কমিশন জানিয়েছে, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের ২৭ লাখ ২৮ হাজার ১১১টি সাধারণ শেয়ার প্রতিটি ১ হাজার ১১০টাকা মূল্যে (শেয়ারপ্রতি ১ হাজার ১০০ টাকা হারে প্রিমিয়ামসহ) ১:১ হারে রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে (উদ্যোক্তা, পরিচালক ও ৫% বা তার অধিক শেয়ারধারী কর্তৃক রাইটস শেয়ার পরিত্যাগ করার পর) মোট ৩০২ কোটি ৮২ লাখ ৩ হাজার ২১০ টাকা মূলধন সংগ্রহের আবেদন কমিশন অনুমোদন করেছে।
কোম্পানিটি রাইটস শেয়ারের মাধ্যমে তোলা অর্থ ন্যাশনাল স্পেশাল ইকোনোমিক জোনে তৃতীয় কারখানা স্থাপন ও রাইট ইস্যু সংক্রান্ত খরচ মেটানোর জন্য ব্যবহার করবে। ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
অন্যদিকে জিপিএইচ ইস্পাত লিমিটেডের রাইটস শেয়ার ইস্যুর আবেদন না মঞ্জুর করেছে কমিশন। কোম্পানির দাখিল করা দলিলাদি সন্তোষজনক না হওয়ায় ১০ টাকা অভিহিত মূল্যের ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ার প্রতিটি ১৫ টাকা মূল্যে (শেয়ার প্রতি ৫টাকা প্রিমিয়ামসহ) ১:৩ হারে রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৪১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৭৫ টাকা মূলধন সংগ্রহের আবেদন না মঞ্জুর করার সিদ্ধান্ত নেয় ।
একই সঙ্গে জেড ক্যাটাগরির কোম্পানিগুলো এবং যেসকল কোম্পানিতে স্পন্সর ও ডিরেক্টরদের যৌথভাবে ৩০ শতাংশের নিচে শেয়ার হোল্ডিং রয়েছে, সে সব কোম্পানি ‘কর্পোরেট গভার্নেন্স কোড, ২০১৮’ পরিপালন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা সিদ্ধান্ত হয়।
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বাজারের সুশাসন নিশ্চিত করতে বিএসইসির গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ কর্তৃক সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস এর বিষয়ে পেশকৃত চূড়ান্ত সুপারিশমালার আইনী প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয় কমিশন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)