পুঁজিবাজারে নতুন শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল (এসএসি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য মনোনয়নের জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কাউন্সিলের জন্য সম্ভাব্য সদস্যদের একটি নামের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। এর ফলে, আগের ৯ সদস্যের শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল বাতিল হতে যাচ্ছে।
গত ৪ জুন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশিদ মাকসুদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। গঠিত মনোনয়ন কমিটির আহ্বায়ক হলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান।
কমিটির অন্য সদস্যরা হলেন বিএসইসির কমিশনার (আইন); উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রফেসর বা সমকক্ষ পদমর্যাদার মনোনীত প্রতিনিধি; মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া কর্তৃক শাইখুল হাদিস বা প্রধান মুফতি বা সমকক্ষ পদমর্যাদার মনোনীত প্রতিনিধি; চেয়ারম্যান, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রফেসর বা সমকক্ষ পদমর্যাদার মনোনীত প্রতিনিধি; মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালক পদমর্যাদার মনোনীত প্রতিনিধি; ডিন, থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া কর্তৃক প্রফেসর বা সমকক্ষ পদমর্যাদার মনোনীত প্রতিনিধি; খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ বা তার মনোনীত প্রতিনিধি; চেয়ারম্যান, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ বা তার মনোনীত প্রতিনিধি এবং আহ্বায়ক, শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সেক্রেটারিয়েট, বিএসইসি (সদস্যসচিব)।
বিএসইসির আদেশে বলা হয়েছে, গঠিত কমিটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সম্ভাব্য সদস্যদের একটি নামের তালিকা কমিশনের কাছে পেশ করবে। কমিশন, কমিটির প্রস্তাব বিবেচনা করে শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে ২০২৩ সালের ২৮ মে বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেন। দেশের পুঁজিবাজারে ইসলামি শরিয়াভিত্তিক বিভিন্ন ধরনের সিকিউরিটিজ ইস্যু আনা, ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
শরিয়াহসম্মত সিকিউরিটিজের ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে একটি বিধিমালা প্রণয়ন করেছিল বিএসইসি। ২০২২ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল) বিধিমালা, ২০২২ নামে গেজেটটি প্রকাশ করা হয়।
শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের কাজ হলো বিএসইসির চাহিদা অনুসারে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেওয়া, শরিয়াহ-সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন, ইসলামি শরিয়াহসম্মত সিকিউরিটিজের মান প্রণয়ন, কোনো সিকিউরিটিজ শরিয়াহসম্মত কি না, সে বিষয়ে মতামত দেওয়া।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে পুনর্গঠিত বিএসইসি পুঁজিবাজারের জন্য এর আগে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনে ২০২৩ সালের ২৮ মে জারি করা আদেশ বাতিল করেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)