Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে আজ বৈঠক হবে না’

প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৫ , ৫:৩১ অপরাহ্ণ | আপডেট: জুন ২৯, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে রোববার, ২৯ জুন কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক।

অর্থ মন্ত্রণালয়ে আজ বেলা আড়াইটার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আজ এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী ১ জুলাই তাঁদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা, তা–ও হবে কি না, সে সিদ্ধান্ত পরে নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

এদিকে আজ বেলা দুইটার দিকে এনবিআর সূত্রে জানা গিয়েছিল, আজ বিকেল চারটায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হবে। এ জন্য আয়কর, কাস্টমস ও ভ্যাট ক্যাডারের ২০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সদস্য চূড়ান্ত করা হয়েছে। এতে নেতৃত্ব দেবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

সব পক্ষের মতামতের ভিত্তিতে রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারে টানা কয়েক দিন ধরে আন্দোলন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। গতকালের মতো আজ রোববারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তাঁরা। এনবিআর সংস্কার পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)