Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিডি পেইন্টসের ব্যবসায়িক কার্যক্রম তদন্তে কমিটি

প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৫ , ২:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৮, ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ব্যাবসায়িক কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কারখানা, প্রধান কার্যালয়, হিসাব বই, রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র দেখতে ও কিছু শর্ত সাপেক্ষে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন। তদন্তের বিষয়ে বিডি পেইন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে বরে জানিয়েছে বিএসইসি।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল, সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র এক্সিকিউটিভ গালিব নকিব রহমান।

জানা গেছে, বিডি পেইন্টসের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে সংগ্রহীত অর্থ কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, তা খাতিয়ে দেখবে গঠিত তদন্ত কমিটি। এছাড়া কোম্পানিটির লেনদেন, নগদ অর্থ, বিনিয়োগগুলোর ন্যায্য মূল্যায়ন ও সহযোগী কোম্পানির মধ্যে লেনদেন হয়েছে কি না, তা শনাক্ত করা হবে।

একইসঙ্গে পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ প্রসপেক্টাসে যেভাবে উল্লেখ করা হয়েছে, সেভাবে ব্যবহার করা হয়েছে কি না, তা যাচাই করা হবে। এছাড়া কমিশনের সম্মতিপত্র অনুসারে সময়ে সময়ে সে বিষয়ে রিপোর্ট করা হয়েছে কি না, তাও আর্থিক প্রতিবেদন যাচাই করবে গঠিত তদন্ত কমিটি।

রং উৎপাদনকারী কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এদিকে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.২২ টাকা। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৯৯ টাকা।

বিডি পেইন্টস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। ‘ওয়াই’ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬২ কোটি টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ২০ লাখ।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে ৩০.৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৭.৯৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১.৬৩ শতাংশ শেয়ার রয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৩.৮০ টাকায়।

২০২২ সালের ১২ এপ্রিল বিএসইসির ৮২০তম কমিশন সভায় বিডি পেইন্টসের কিউআইও অনুমোদন দেয় বিএসইসি। কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে। উত্তোলিত অর্থ দিয়ে ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

ওই বছরের ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত কোম্পানিটির কিউআইওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)