Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র মেরামতের উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২৫ , ৭:৩৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৬, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র মেরামতের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১১১ কোটি টাকা। মঙ্গলবার, ২৬ আগস্ট সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। ২০২২ সালের মে মাসে অগ্নিকাণ্ডে কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির আহ্বায়ক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে থাকায় ভার্চুয়্যালি বৈঠক হয়।

বৈঠকে অনুমোদিত প্রস্তাবে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টার্বাইন–২ মেরামত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকা। মেরামতে কাজ পেয়েছে চায়নাভিত্তিক প্রতিষ্ঠান এসইপিসিও-৩ ইলেক্ট্রিক পাওয়ার কনস্ট্রাকশন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থাপিত এ সংক্রান্ত প্রস্তাবনায় বলা হয়, শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি ২০১৬ সাল থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এটি স্থাপনে ব্যয় হয় ২ হাজার ৮০৯ কোটি টাকা। ২০২২ সালে দুর্ঘটনায় বিদ্যুৎকেন্দ্রটির গ্যাস টার্বাইন–২ (জিটি–২) ক্ষতিগ্রস্ত হলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। যা মেরামতে এ ক্রয় প্রস্তাবটি উপস্থাপন করা হলো।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)