দুর্নীতির মামলায় আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার, ১৪ সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
গত ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই দিন আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়।
নির্ধারিত তারিখে মতিউর রহমান ও তার স্ত্রীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টা ৩৫ মিনিটে তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন এবং আসামিপক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান লিটন রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ফারজানা রহমান নামে একজনের নামে ২ কোটি ৪৫ লাখ টাকার সম্পদ গোপন এবং ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে। মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)