Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পাঁচ লাখ শেয়ার কিনবেন এসিআইয়ের চেয়ারম্যান আনিস উদ দৌলা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এসিআই লিমিটেডের ৫ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানিটির চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে ব্লক মার্কেটে তিনি ওই পরিমাণ শেয়ার কিনতে চান।

বৃহস্পতিবার ডিএসই-এর ওয়েবসাইটে কোম্পানির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, বিএসইসির (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এসিআইয়ের চেয়ারম্যান আনিস উদ দৌলা ৩০ কর্মদিবসের মাধ্যমে ৫ লাখ শেয়ার কিনতে আগ্রহী।

গত বুধবার এসিআই লিমিটেড সর্বশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, কোম্পানিটি ২০২৪–২৫ হিসাব বছরে ৬৫ কোটি টাকা লোকসান করেছে। এর আগের দুই বছরেও এসিআই লোকসানে ছিল। ২০২৩–২৪ হিসাব বছরে কোম্পানির লোকসান ছিল ১৩৯ কোটি টাকা। এর আগের হিসাব বছরে ছিল ৪৯ কোটি টাকা।

ব্যাংক ঋণের সুদহার বেড়ে যাবার কারণে ব্যবসায়ে ব্যয় বৃদ্ধিকে গত হিসাব বছরে লোকসানের কারণ হিসেবে উল্লেখ  করেছে এসিআই। কোম্পানির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সা। লোকসান সত্ত্বেও এসিআই শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে এসিআইয়ের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৭০ টাকা ৭০ পয়সা। শেয়ারটির অভিহিত মূল্য ১০ টাকা। বৃহস্পতিবার এসিআইর শেয়ার ১৭০ থেকে ১৭৯ টাকার মধ্যে লেনদেন হচ্ছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)