Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২০২৬ সালের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২৫ , ১১:১০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের জন্য তফসিলি ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে, যেখানে আগামী বছর মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকার কথা জানানো হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন প্রজ্ঞাপনটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, বছরের প্রথম ছুটি হবে ৪ ফেব্রুয়ারি শবে-বরাত উপলক্ষে। একই মাসে ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাংক বন্ধ থাকবে। শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা পাঁচ দিন ছুটি থাকবে, যার মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি।

স্বাধীনতা ও জাতীয় দিবসে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি (শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের তিন জেলার জন্য), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, এবং ১ মে মে দিবস ও বুদ্ধপূর্ণিমার ছুটি নির্ধারণ করা হয়েছে। ঈদুল আজহার ছুটি থাকবে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত, যেখানে দুদিন পড়বে সাপ্তাহিক ছুটি।

২৬ জুন আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবে ছুটি নির্ধারিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের আলোকে এই ছুটির সময়সূচি কার্যকর হবে। তালিকা অনুযায়ী, ২০২৪ সালে ব্যাংকগুলোর ছুটি ছিল ২৪ দিন এবং ২০২৫ সালে তা বেড়ে হয় ২৭ দিন, আর ২০২৬ সালে তা দাঁড়াচ্ছে ২৮ দিনে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)