Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনবিআর দুই ভাগ: এ সরকারের আমলেই রাজস্ব নীতি-ব্যবস্থাপনায় ২ সচিব

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৮, ২০২৫ , ১১:৪৬ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৮, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে যে দুটি বিভাগ করা হয়েছে, তা কার্যকর করে অন্তর্বর্তী সরকারের আমলেই দুইজন সচিব দেখা যাবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। চলতি ডিসেম্বর মাসের মধ্যে কিছু আমলাতান্ত্রিক কাজ শেষ করে এই সরকারের সময়েই দুটি বিভাগের কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছেন তিনি।

আব্দুর রহমান খান বলেন, আপনারা জানেন যে পলিসি (রাজস্ব নীতি) এবং ট্যাক্স ম্যানেজমেন্টের সেপারেশনের সব আইনি প্রক্রিয়া অলমোস্ট শেষ। এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেস। আমরা সেখানেও খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। আমাদের অ্যালোকেশন অফ বিজনেস প্রায় চূড়ান্ত। রুলস অফ বিজনেস প্রায় চূড়ান্ত হয়েছে।

এখন অর্গানোগ্রাম এবং অর্গানোগ্রাম রিলেটেড বাকি কাজগুলো, এগুলোর খসড়া চূড়ান্ত হয়ে গেছে। আমরা এগুলোর যে বুরোক্রেটিক প্রসেস আছে, হয়ত এ মাসের মধ্যেই শেষ করে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আপনারা দুই বিভাগে দুইজন সচিব দেখতে পাবেন।

সোমবার (৮ ডিসেম্বর) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগের অর্থনীতি বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, দুই বিভাগ প্রতিষ্ঠার কাজ বাস্তবায়ন হলে ‘স্বাধীনভাবে’ কর নীতি প্রণয়ন করা যাবে।

আর সেই নীতি প্রণয়ন করা হবে ‘দেশের স্বার্থে, ব্যবসা-বাণিজ্যের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে’। আমরা আশা করি যে তাতে করে রেভিনিউও বাড়বে। অ্যাট দ্য সেইম টাইম যে ইনজাস্টিস এবং বৈষম্য যেগুলো আছে, সেগুলো দূর করা সম্ভব হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)