Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্টার অ্যাডহেসিভের বোনাসে বিএসইসির সম্মতি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৫ , ১২:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১০, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি স্টার অ্যাডহেসিভ লিমিটেড ঘোষিত ৫০ শতাংশ স্টক লভ্যাংশে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার (৮ ডিসেম্বর) বিএসইসি এক চিঠিতে কোম্পানিকে এই তথ্য জানিয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর অনুষ্ঠিত স্টার অ্যাডহেসিভ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের ৬২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ছিল ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫০ শতাংশ বোনাস।

বিধি অনুসারে, কোনো কোম্পানি বোনাস তথা স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়।

আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ অনুমোদন করলে বোনাস শেয়ার প্রাপ্তির এখতিয়ার নির্ধারণে কোম্পানিটি রেকর্ড তারিখ ঘোষণা করবে। ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল বোনাস পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে স্টার অ্যাডহেসিভ লিমিটেডের শেয়ার প্রতি ২ টাকা ৪৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৯৫ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬১ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১‌৮ টাকা ৩৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)