Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিক হোটেল এন্ড রিসোর্টস’র নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২৫ , ৮:৩৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের শীর্ষস্থানীয় হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোম্পানি, দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্সের মালিক এবং বাংলাদেশের বেসরকারি খাতে পাঁচ তারকা হোটেলের পথিকৃৎ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২৪ ডিসেম্বর)  ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন সেলিনা আলী।

কোম্পানিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী। সভায় উপস্থিত শেয়ারহোল্ডার ২০২৪-২৫ সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন পরিচালক-রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানি সচিব শরীফ হাসান এফসিএস।

ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত ২৪তম বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারসহ আরও যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আলী আশফাক এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান সুলতানা আফরোজ।

মনোনীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আরটিএন গোলাম মোস্তফা, কাজী মাহমুদ সাত্তার, সাইফুল ইসলাম, খালেদ নূর, নাবিলা আলী, গাজী মোঃ সাখাওয়াত হোসেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় সংযুক্ত ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা চৌধুরী হাসান আল রশিদ এফসিএ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মাজহারুল ইসলাম, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিগণ, বহিঃনিরীক্ষক, ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার, কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে সভায় ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি’র পরিচালক নাবিলা আলী (চেয়ারপার্সন সেলিনা আলী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলীর জ্যেষ্ঠ কন্যা) ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, অব্যাহত অর্থনৈতিক প্রতিকূলতা এবং বিভিন্ন চ্যালেঞ্জের মুখেও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ২০২৪-২৫ সালে আয় করেছে ২৬৮ কোটি টাকা, শেয়ার প্রতি আয় গত বছরের ৪.৮৭ টাকা থেকে বেড়ে ৫.১৮ টাকা হয়েছে এবং নিট সম্পদ মূল্য (এনএভি) ২৬,৭৯৪.৮৯ মিলিয়ন টাকা থেকে বেড়ে ২৭,৬৪৬.৬৪ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন চ্যালেঞ্জের মুখেও এই স্থিতিশীল পারফরম্যান্স আমাদের শক্তিশালী ব্যবস্থাপনা, পরিচালনাগত শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির প্রতি অব্যাহত আস্থার একটি প্রতিফলন।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালক হিসেবে সেলিনা আলী, শেয়ারহোল্ডার পরিচালক খালেদ নূর-কে পুনর্নির্বাচিত করেন। পরিচালক হিসেবে নাবিলা আলীর নিয়োগও অনুমোদন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ নূর আলীর পুনর্নিয়োগ এবং স্বতন্ত্র পরিচালক সুলতানা আফরোজ-এর নিয়োগও অনুমোদিত হয়।

শেয়ারহোল্ডাররা বার্ষিক সাধারণ সভায় পরবর্তী মেয়াদের জন্য বহিঃনিরীক্ষক (সংবিধিবদ্ধ নিরীক্ষক) এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ২০২৫-২৬ অর্থবছরের জন্য অনুমোদন ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করেন। সভার সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে পাস হয় এবং চেয়ারপার্সন সেলিনা আলী ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-কে টেকসই, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল গ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)