Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মুন্নু গ্রুপের চেয়ারম্যান পদ ছাড়লেন আফরোজা খানম

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ , ২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিজের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ ছাড়লেন আফরোজা খানম রিতা। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বিকেলে তিনি নবগঠিত সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর তিনি পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান মুন্নু গ্রুপ ও সহযোগী সব প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তিনি নতুন মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

শেয়ারবাজারে মুন্নু গ্রুপের তিনটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত। এগুলো হলো—মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো ও মুন্নু ফেব্রিকস। বুধবার এই তিন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠান তিনটির চেয়ারম্যান পদে বদল হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগপর্যন্ত মুন্নু গ্রুপের পাশাপাশি শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রুপটির তিন কোম্পানির চেয়ারম্যান ছিলেন আফরোজা খানম রিতা।

কোম্পানি–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়। নতুন চেয়ারম্যান হয়েছেন আফরোজা খানম রিতার স্বামী মইনুল ইসলাম।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব আরিফুর রহমান বলেন, দুপুরে কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে নতুন চেয়ারম্যান নির্বাচনের পাশাপাশি আগের চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্নু গ্রুপের সদ্য সাবেক চেয়ারম্যান আফরোজা খানম মানিকগঞ্জ–৩ সংসদীয় আসন থেকে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আর মঙ্গলবার তাঁকে প্রথমবারের মতো তিনি মন্ত্রীর শপথ নেন। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, আফরোজা খানমের মোট সম্পদের পরিমাণ ২৭ কোটি ৮৫ লাখ টাকা।

সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, সরকারের প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীসহ আরও কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে নির্দেশনা রয়েছে। এসব ব্যক্তির ক্ষেত্রে সংবিধানের ওই অনুচ্ছেদে বলা হয়েছে, এই অনুচ্ছেদ (১৪৭) প্রযোজ্য হয়, এইরূপ কোন পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোন লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোন কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনরূপ অংশগ্রহণ করিবেন না।

এদিকে আফরোজা খানম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে শেয়ারবাজারে মুন্নু গ্রুপের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তাতে এসব কোম্পানির শেয়ারের দামের পাশাপাশি লেনদেনও বেড়েছে। নির্বাচনের পর গত তিন কার্যদিবসে মুন্নু সিরামিকের প্রতিটি শেয়ারের দাম প্রায় সাড়ে ৮ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। একই সময়ের ব্যবধানে মুন্নু ফেবিক্সের দাম বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ১৪ শতাংশ। আর মুন্নু এগ্রোর দাম বেড়েছে ২৪ টাকা বা প্রায় সাড়ে ৬ শতাংশ।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় ছিল মুন্নু ফেব্রিক্স ও মুন্নু সিরামিক। এর মধ্যে মুন্নু ফেব্রিক্স ছিল লেনদেনের ষষ্ঠ অবস্থানে আর মুন্নু সিরামিক ছিল ১২তম অবস্থানে। আজ দিন শেষে মুন্নু সিরামিকের শেয়ারের বাজারমূল্য আগের দিনের চেয়ে কিছুটা কমে দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সায়। মুন্নু ফেব্রিক্সের প্রতিটি শেয়ারের দাম এদিন সামান্য বেড়ে দাঁড়ায় সাড়ে ২৫ টাকায়। আর মুন্নু এগ্রোর প্রতিটি শেয়ারের দামও আগের দিনের চেয়ে কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৯৪ টাকায়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)