Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

টয়োটা বাংলাদেশ ও সিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৬ , ৫:২৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৯, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিটি ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার, ৯ মার্চ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

টয়োটা বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং এবং সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় টয়োটা বাংলাদেশ লিমিটেডকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ঋণ সুবিধা প্রদান করবে সিটি ব্যাংক। পাশাপাশি করপোরেট কার্ড, কালেকশন ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা, বৈদেশিক বাণিজ্য সেবা এবং পে-রোলসহ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধাও প্রদান করা হবে।

অনুষ্ঠানে মাসরুর আরেফিন বলেন, টয়োটার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ সিটি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত দুই প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতার প্রতিফলন। একইসঙ্গে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য আর্থিক সেবা প্রদানে সিটি ব্যাংকের সক্ষমতার প্রতিফলন।

প্রেমিত সিং সিটি ব্যাংকের কর্মীদের জন্য এ সময় টয়োটার গাড়িতে বিশেষ ছাড়ের ঘোষণা দেন এবং ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)