আর্থিক খাতে বিশ্বব্যাপি সুপরিচিত ব্যক্তিত্ব এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি কূটনীতি জোরদার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা এবং বৈশ্বিক পুঁজিবাজারের সাথে সম্পৃক্ততা গভীর করার বিষয়ে বিশেষ গুরুত্বপারোপ করছেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হন।
বৃহস্পতিবার, ৯ এপ্রিল প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি পুঁজিবাজার, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং কৌশলগত পরামর্শ প্রদানের ক্ষেত্রে ব্যাপক আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন। বর্তমানে তিনি হংকং-ভিত্তিক উদীয়মান বাজার বিনিয়োগ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘দ্য ওসিরিস গ্রুপ’-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন।
এর আগে তিনি টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট-এ প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী পদে ছিলেন। সেখানে তিনি এশিয়া এবং হংকং ও সান ফ্রান্সিসকোসহ বৈশ্বিক বাজারে প্রযুক্তি, ফিনটেক, স্বাস্থ্যসেবা এবং বায়োটেক খাতের বিনিয়োগ কৌশলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নতুন এই ভূমিকায় গনি বাংলাদেশ এবং বৈশ্বিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগের ব্যবধান কমিয়ে আনতে কাজ করবেন। তিনি তার বেসরকারি খাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বচ্ছতা বৃদ্ধি, নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ভূমিকা রাখবেন। তার কর্মপরিধির মধ্যে রয়েছে বাংলাদেশকে উচ্চমানের প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) একটি প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ অন্যান্য প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে নিবিড়ভাবে কাজ করা।
নিয়োগের বিষয়ে তানভীর গনি বলেন, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একটি বৈশ্বিক ‘ব্রেকআউট নেশন’-এ রূপান্তরিত হতে প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা এবং কেবল সম্ভাবনার দেশ থেকে বৈশ্বিক আস্থার দেশে পরিণত হওয়া প্রয়োজন। তিনি আরও যোগ করেন, বর্দ্ধিত স্বচ্ছতা, ধারাবাহিক নীতি বাস্তবায়ন এবং বিনিয়োগকারীদের সাথে জোরালো যোগাযোগের মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে চাই, যা টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)