Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

উত্তরা ব্যাংকের স্টক লভ্যাংশ ঘোষণায় অনুমোদন লাগবে না বিএসইসির

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২৬ , ৪:৩৬ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

উত্তরা ব্যাংক পিএলসির স্টক লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমতি নেওয়ার অনুমোদন আর লাগবে না। পরিচালনা পর্ষদে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হওয়ায় ব্যাংকটি এই সুবিধা পাচ্ছে।

বুধবার, ৬ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৫৬তম সভায় আসিফ রহমানকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ব্যাংকের ২ দশমিক ৪২ শতাংশ শেয়ারের মালিক। ফলে পরিচালনা পর্ষদের সম্মিলিত শেয়ারহোল্ডিং দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৩১ শতাংশে।

সূত্র মতে, আসিফ রহমানের পরিচালক পদটি ২৯ জুলাই ২০২৫ থেকে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত স্বল্প সময়ের জন্য শূন্য ছিল এবং তিনি অন্তর্ভুক্ত হওয়ার পরই পরিচালনা পর্ষদ ২০২৫ অর্থবছরের জন্য স্টক লভ্যাংশের সুপারিশ করেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আসিফ রহমানের ব্যক্তিগত ২ দশমিক ৪২ শতাংশ শেয়ার এখনও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্লক মডিউলে সংরক্ষিত রয়েছে। এছাড়া তার অন্তর্ভুক্তির পর ২৯ এপ্রিল ব্যাংকটির মোট পরিচালনা পর্ষদের শেয়ার ধারণের পরিমাণ পুনরায় ৩০ দশমিক ৫৩১ শতাংশে পৌঁছায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের ন্যূনতম সম্মিলিত শেয়ার ধারণের শর্ত পূরণ হওয়ায় স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) ঘোষণার জন্য ব্যাংকটিকে এখন আর বিএসইসির পূর্বানুমতি নিতে হবে না।

ব্যাংকটির তথ্যমতে, এখন থেকে ব্যাংকটি বিএসইসির পূর্বানুমতি ছাড়াই স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে এবং শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার পর বিএসইসির চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ঘোষিত লভ্যাংশ বিতরণ করার সুযোগ পাবে।

উল্লেখ্য, ২০২৫ সালে ব্যাংকটি ৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)