Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যাংক এশিয়া হাজার কোটি টাকার বন্ড ছাড়বে

প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২৬ , ৫:১১ অপরাহ্ণ | আপডেট: মে ৭, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে শেয়ারবাজার থেকে এক হাজার কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক এশিয়া। বাজার থেকে উত্তোলন করা অর্থ দিয়ে ব্যাংকটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার, ৭ মে জানা গেছে, ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৫৮৪তম সভায় এক হাজার কোটি টাকার গ্রিন সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়।  বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড, সম্পূর্ণ রিডিমেবল এবং কুপনভিত্তিক ফ্লোটিং রেটের বন্ড। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি ইস্যু করা হবে।

বন্ড থেকে সংগৃহীত অর্থ মূলত ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন প্রকল্পে অর্থায়নেও এ অর্থ ব্যয় করা হবে। বিশেষ করে বাসেল-৩ নীতিমালার আলোকে মূলধনের সক্ষমতা বাড়ানো হবে।

বন্ডটি ইস্যুর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নেবে ব্যাংক এশিয়া।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)