বিদেশে যাওয়ার জন্য ভিসা আবেদন করতে অনেক সময় কিছু দেশে ফেরত যোগ্য অতিরিক্ত নিরাপত্তা জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দিতে হয়। আগে বাংলাদেশ থেকে এই টাকা বিদেশে পাঠানো জটিল ছিল। এবার সেই প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন নির্দিষ্ট নিয়ম মেনে ব্যাংকের মাধ্যমেই ভিসা বন্ডের টাকা পাঠানো যাবে। এতে বিদেশগামীদের ভোগান্তি কমবে এবং ভিসা প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ হবে।
সোমবার, ১১ মে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলার অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি ভিসা পাওয়ার শর্ত হিসেবে ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট জমা দিতে বাধ্য হলে, ব্যাংকগুলো এখন আবেদনকারীর পক্ষে ওই অর্থ বিদেশে পাঠাতে পারবে। বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি কমানো এবং প্রক্রিয়াটি আরো সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো আবেদনকারীদের নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় অর্থ প্রিলোড করা থাকবে। এছাড়া, যেসব গ্রাহকের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, সেসব কার্ডেও ভ্রমণ কোটার আওতায় পুনরায় অর্থ লোড করা যাবে। তবে, এই অর্থ শুধুমাত্র ভিসা বন্ড বা সংশ্লিষ্ট সিকিউরিটি ডিপোজিট পরিশোধের কাজেই ব্যবহার করা যাবে।
এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব কিংবা এসব হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এই সুবিধা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)