বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় একটি নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ (রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট) আর কোনো ঐচ্ছিক বিষয় নয়; বরং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে।
মঙ্গলবার, ১৯ মে ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট ফর রেজিলিয়েন্ট সাপ্লাই চেইনস অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ ব্যবস্থার দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় বাংলাদেশ নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি, শিল্পায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতার মাধ্যমে দেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে তৈরি পোশাক খাত, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরও বলেন, বর্তমানে আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং ভোক্তারা সরবরাহ শৃঙ্খলের প্রতিটি স্তরে পরিবেশগত, সামাজিক ও সুশাসন এবং যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়ার ওপর অধিক গুরুত্ব দিচ্ছেন। বিভিন্ন আন্তর্জাতিক বাজারে টেকসই উন্নয়নসংক্রান্ত নতুন বিধি-বিধান ও প্রত্যাশা বাড়ছে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করছে। এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, সম্পদের দক্ষ ব্যবহার, সুশাসন প্রতিষ্ঠা এবং জলবায়ু ও টেকসই উন্নয়নসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠান আয়োজন এবং বাংলাদেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য বাণিজ্যমন্ত্রী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সংশ্লিষ্ট অংশীদারদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সোনালি দায়ারাত্নে এবং কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস পেরি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)