Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডায়মন্ড লাইফ অধিগ্রহণ করছে শ্রীলঙ্কার সফটলজিক গ্রুপ

প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২৬ , ১:২২ অপরাহ্ণ | আপডেট: জুন ৪, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের জীবন বীমা খাতে বড় ধরনের বিদেশি বিনিয়োগ আসতে যাচ্ছে। শ্রীলঙ্কার বহুমুখী শিল্পগোষ্ঠী সফটলজিক গ্রুপ ঢাকাভিত্তিক ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স অধিগ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে দেশের জীবন বীমা খাতে এটিই হতে পারে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ।

সফটলজিক গ্রুপের চেয়ারম্যান অশোক পাতিরাজ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, তাদের প্রতিষ্ঠান সফটলজিক লাইফ বাংলাদেশে একটি জীবন বীমা কোম্পানি অধিগ্রহণে সম্মত হয়েছে। তবে মূল্যসংবেদনশীল বিষয় হওয়ায় তিনি কোম্পানির নাম প্রকাশ করেননি। তিনি বলেন, আগামী মাসে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।

তবে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, সফটলজিক গ্রুপ ডায়মন্ড লাইফ অধিগ্রহণ করবে—এমন আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

২০১৪ সালে ১৮ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে ডায়মন্ড লাইফ। তালিকাভুক্ত নয় এমন এই বীমা কোম্পানিটি ২০২৫ সালে ১৪ কোটির বেশি প্রিমিয়াম আয় করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ দশমিক ৫৪ কোটি টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)