Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

‘দ্রুত নিরপেক্ষ সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে’

প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৬ , ৪:৪১ অপরাহ্ণ | আপডেট: জুন ১৫, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদে দ্রুত নিরপেক্ষ সদস্যদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নবনির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জহির হোসেন।

সোমবার, ১৫ জুন রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. জহির হোসেন বলেন, বিতর্কিত শেয়ারসংক্রান্ত বিষয়গুলো আদালতের নির্দেশনা অনুযায়ী নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকের সব ধরনের লেনদেন স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যাংকে সংঘটিত যেকোনো অনিয়মের অভিযোগ তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গ্রাহক, আমানতকারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে, ব্যাংকটির তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক আরও ২ হাজার ৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে। এর আগে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা শেষে রোববার, ১৪ জুন প্রথম ও দ্বিতীয় ধাপে এ সহায়তা দেওয়া হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)