Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসির তদন্তের মুখে ৪ কোম্পানি

প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২৬ , ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: জুন ১৮, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

চারটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তদন্তের আওতায় আসা কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল), সোনারগাঁও টেক্সটাইল এবং শ্যামপুর সুগার মিলস।

সূত্র জানায়, প্রতিটি কোম্পানির জন্য পৃথক তদন্ত নির্দেশনা জারি করা হয়েছে। চিঠি পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএসইসির কাছে জমা দিতে ডিএসইকে বলা হয়েছে। শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করায় গত ২ জুন রিজেন্ট টেক্সটাইলের কাছে কারণ জানতে চাওয়া হয়। পরবর্তীতে ১১ জুন শ্যামপুর সুগার মিলস, ১২ জুন বিএনআইসিএল এবং ১৫ জুন সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শেয়ারগুলোতে কোনো ধরনের সমন্বিত বা কারসাজিমূলক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (ইউপিএসআই) ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং সংঘটিত হয়েছে কি না, সংশ্লিষ্ট ব্রোকার, ডিলার ও অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন রুলস ও কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেছেন কি না এবং কোনো ধরনের আইন বা বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা তদন্তে গুরুত্ব পাবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দামে অস্বাভাবিক বৃদ্ধি এবং লেনদেনে অসঙ্গতি লক্ষ্য করা গেছে। এ কারণে শেয়ারগুলোর লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিএসইসির সার্ভিল্যান্স বিভাগ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ডিএসইকে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রিজেন্ট টেক্সটাইলের শেয়ারে ৫৮ শতাংশ উত্থান

গত ১৮ মে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দাম ছিল ৪ টাকা ৩০ পয়সা। ১৭ জুন তা বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে শেয়ারটির দাম প্রায় ৫৮ শতাংশ বেড়েছে।

সোনারগাঁও টেক্সটাইলের দাম বেড়েছে ১৬১ শতাংশ

গত ১০ মে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের দাম ছিল ৩৩ টাকা ৫০ পয়সা। ৯ জুন তা বেড়ে ৮৩ টাকা ৪০ পয়সায় পৌঁছে। পরবর্তীতে মূল্য কিছুটা সংশোধন হলেও বিনিয়োগকারীদের আগ্রহ অব্যাহত থাকে। এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৪ টাকা বা ১৬১ দশমিক ১৯ শতাংশ।

শ্যামপুর সুগার মিলসেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলসের শেয়ারের দাম গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ১৯ মে শেয়ারটির দাম ছিল ১৩৮ টাকা ৯০ পয়সা, যা ৯ জুন বেড়ে ২৩৮ টাকা ৯০ পয়সায় পৌঁছে। ফলে অল্প সময়ের ব্যবধানে শেয়ারটির মূল্য প্রায় ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পুঁজিবাজারে এসব শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজি বা অনিয়ম রয়েছে কি না, তা তদন্ত প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)