মিউচুয়াল ফান্ড খাতকে পুনরুজ্জীবিত করাকে নিজের অন্যতম অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। বৃহস্পতিবার, ৯ জুলাই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাধারণ বিনিয়োগকারীদের সরাসরি শেয়ার কেনার পরিবর্তে পেশাদার ব্যবস্থাপনায় বিনিয়োগে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক চালু, আইপিও প্রক্রিয়া সহজ করা, নতুন কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ বাড়ানো এবং বিদ্যমান বিধিমালা বাজারবান্ধব করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
সিএমজেএফ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।
মাসুদ খান বলেন, আন্তঃকোম্পানি লভ্যাংশে করের বোঝা কমানো, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সীমাবদ্ধতা তুলে দেওয়া, জিরো কুপন বন্ডে কর অব্যাহতি এবং তালিকাভুক্ত কোম্পানির জন্য কর-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এগিয়ে নিয়েছি।
এছাড়াও, একটি প্রাণবন্ত পুঁজিবাজার ছাড়া দেশের অর্থনীতি টেকসইভাবে এগিয়ে যেতে পারবে না। তাই বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি সংস্কারই এখন আমাদের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
এসময় বিএসইসির চেয়ারম্যান পদে যোগ দেয়া প্রসঙ্গে মাসুদ খান বলেন, শুরুতে আমি এ দায়িত্ব নিতে রাজি হননি। কারণ অনেকেই তাকে সতর্ক করে বলেছিলেন, বিএসইসিতে যারা এসেছেন, তাদের অনেকেই বিতর্কিত হয়েছেন। এমনকি জীবনের শেষ প্রান্তে এসে নিজের দীর্ঘদিনের সুনাম নষ্ট করা উচিত হবে না বলেও তাকে পরামর্শ দেওয়া হয়।
তিনি বলেন, আমি প্রথমে না করে দিয়েছিলাম। কিন্তু পরে সরকারের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করা হয়, পুঁজিবাজার সংস্কারে সরকার আন্তরিক এবং আমাকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)