Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জিপিএইচ ইস্পাতের উচ্চ আদালতে কারসাজি, জরিমানা ৫ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৬ , ১২:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আদালতে স্থগিতাদেশের তথ্য গোপন করে হাইকোর্টে আবারও রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে।

২৯টি ব্যাংকের কাছে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার ঋণখেলাপি জিপিএইচ ইস্পাত। ঋণখেলাপি হিসেবে প্রতিষ্ঠানের নাম যেন প্রদর্শন না করা হয়, তার নিষেধাজ্ঞা চেয়েছিল প্রতিষ্ঠানটি।

জিপিএইচ ইস্পাতের আবেদন খারিজ করে বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জরিমানার এই অর্থ আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসায় ব্যয় করতে হবে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে জিপিএইচ ইস্পাতের নাম রয়েছে। সিআইবিতে প্রতিষ্ঠানের নাম না রাখার নির্দেশনা চেয়ে তারা একটি রিট আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই হাইকোর্ট রুল জারি করে এবং স্থিতাবস্থা (স্টে) দেন।

তিনি বলেন, বিষয়টি জানার পর রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। পরে ৯ জুলাই চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে সিআইবি প্রতিবেদনে জিপিএইচ ইস্পাতের নাম না রাখার নির্দেশনা আর কার্যকর থাকেনি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা অবস্থায় জিপিএইচ ইস্পাত নিম্ন আদালতে একটি টাইটেল মামলা করে। সেখানে তারা অস্থায়ী নিষেধাজ্ঞা (ইনজাংশন) চাইলেও আবেদনে হাইকোর্টে চলমান মামলার বিষয়টি উল্লেখ করেনি। এমনকি হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন—এ তথ্যও গোপন রাখা হয়।

তিনি বলেন, ২৯টি ব্যাংকের কাছে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার ঋণখেলাপি হিসেবে প্রতিষ্ঠানের নাম যেন প্রদর্শন না করা হয়, সে মর্মে তারা নিষেধাজ্ঞা চেয়েছিল। তবে নিম্ন আদালত সেই আবেদন নাকচ করে দেন। পরে তারা হাইকোর্টের একটি বেঞ্চে একই ধরনের আবেদন করে। বিষয়টি রাষ্ট্রপক্ষের নজরে এলে আদালতে সব তথ্য উপস্থাপন করা হয়।

অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, নিম্ন আদালতের আরজিতে যেমন সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার তথ্য গোপন করা হয়েছে, তেমনি হাইকোর্টেও আগের মামলার তথ্য উল্লেখ করা হয়নি। এটি সম্পূর্ণ প্রতারণার শামিল। পরে বাদীপক্ষের আইনজীবী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে জানান, তারা আগের মামলার বিষয়ে অবগত ছিলেন না।

সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট আবেদন খারিজ করে দেন এবং জিপিএইচ ইস্পাতকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দেন। এ অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পৃথক খাতে সংরক্ষণ করা হবে। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসায় এ অর্থ ব্যয় করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)