আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর আদিল চৌধুরী নিয়মিত ব্যাংকে যাচ্ছেন না। ন্যাশনাল ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছরের ৭ জুলাই তিন বছরের জন্য ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন আদিল চৌধুরী। এর আগে ব্যাংকটির এমডি মো. তৌহিদুল আলম খানও মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন।
ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
উচ্চ খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান এবং আমানত প্রত্যাহারের চাপের মধ্যে আদিল চৌধুরীর এই পদত্যাগ এলো। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে ঢাকার পান্থপথে নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’ ভবন ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে।
২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে লোকসান গুনছে ন্যাশনাল ব্যাংক। উচ্চ খেলাপি ঋণ এবং বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে ব্যাংকটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন সিকদার গ্রুপ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে ছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি ব্যাংকটির নিয়ন্ত্রণ হারায়।
বর্তমানে ন্যাশনাল ব্যাংকের পরিচালনায় মাল্টিমোড গ্রুপ, হোসাফ গ্রুপ এবং আর্মানা গ্রুপের পরিবারের সদস্যরা যুক্ত রয়েছেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)