Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হলেন চিংফেং ঝাং

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৬ , ৮:৩৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হলেন চিংফেং ঝাং। তিনি বুধবার, ২৯ জুলাই ঢাকায় তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিংফেং ঝাং বাংলাদেশে এডিবির কার্যক্রম পরিচালনা করবেন। তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুদৃঢ় করবেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী উন্নয়ন কৌশল প্রণয়নে দিকনির্দেশনা দেবেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চিংফেং ঝাং বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ সফলভাবে বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা জোরদার করা, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই উন্নয়নের ক্ষেত্রে চিংফেং ঝাংয়ের ৩০ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ২০ বছরেরও বেশি সময় তিনি এডিবিতে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি কৃষি, খাদ্যব্যবস্থা, পানিসম্পদ, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ উন্নয়ন খাতে রূপান্তরমূলক কর্মসূচি ও কৌশলগত উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন। তিনি সরকার, উন্নয়ন প্রতিষ্ঠান, শিক্ষা বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বর্তমান নিয়োগের আগে চিংফেং ঝাং এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চীনের নাগরিক। তিনি সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে পিএইচডি, সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানিসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি এবং হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে বিশেষায়িত পেশাগত শিক্ষা গ্রহণ করেছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)