হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও জ্বালানি দক্ষতা উন্নয়নে দুটি নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার, ২ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।
ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানির পরিচালনা পর্ষদ ১ আগস্ট অনুষ্ঠিত সভায় পেপার ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য একটি এফটিসি৫০০ টুইন স্ক্রু প্রেস (ডাবল হেলিক্স ক্রাউডেড পাল্প মেশিন) কেনার অনুমোদন দিয়েছে। এ যন্ত্র কেনা ও স্থাপনে আনুমানিক ৭২ লাখ টাকা ব্যয় হবে এবং পুরো অর্থ কোম্পানির নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।
কোম্পানিটি জানিয়েছে, নতুন যন্ত্রটি বর্তমানে ব্যবহৃত পুরোনো মেশিনের পরিবর্তে স্থাপন করা হবে। এর মাধ্যমে উৎপাদন দক্ষতা বৃদ্ধি, পাল্পের পানি অপসারণ সক্ষমতার উন্নতি, ফাইবার পুনরুদ্ধার বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাস এবং সামগ্রিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
পরিচালনা পর্ষদের মতে, এ বিনিয়োগ দীর্ঘমেয়াদে কোম্পানির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং শেয়ারহোল্ডারদের জন্য টেকসই মূল্য সৃষ্টি করবে।
একই সভায় কোম্পানির কারখানায় ৬১৫ কিলোওয়াট পিক ডিসি বা ৫০০ কিলোওয়াট এসি ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনেরও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে স্থাপন ব্যয়সহ মোট ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে। এ অর্থও কোম্পানির নিজস্ব তহবিল থেকেই অর্থায়ন করা হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে জ্বালানি দক্ষতা বাড়বে, জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদে টেকসই উৎপাদন কার্যক্রমে সহায়তা করবে। পরিচালনাগত প্রয়োজন ও অর্থের প্রাপ্যতা অনুযায়ী প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)